ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করলো ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দাবির পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে আসলো ইসি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা কাজ করবেন। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী তারা সেখানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তাদের আর মোতায়েন করা হবে না।
এর আগে, দেশের প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদানের জন্য বিএনসিসি ক্যাডেটদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, অরাজনৈতিক ও শিক্ষার্থিনির্ভর এই বাহিনীকে নির্বাচনি ঝুঁকিপূর্ণ পরিবেশে ঠেলে দেওয়া ঠিক হবে না। তারা বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিএনপির সেই দাবিকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তে এই পরিবর্তন আনল কমিশন।
এমওএস/এমএমকে