চ্যালেঞ্জিং সময় পার করেছি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, “আমার সময়টা ছিল বড় চ্যালেঞ্জিং। এমন সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তা অন্য কোনো কমিশনার করতে পারে নি। পরবর্তীতেও পারবে না।”
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি কমিশনার হিসেবে প্রায় চার বছর ২ মাস ২৭ দিন দায়িত্ব পালন করেছি। এই সময়ের মধ্যে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়েছে।
দায়িত্ব পালনের সময়ে স্মরণীয় ঘটনা কোনটি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মরণীয় কাজের মধ্যে অনেক কাজই আছে। এর মধ্যে মতিঝিলে হেফাজত ইসলামের ঘটনার সময়ে অনেক সাংবাদিক আহত হয়েছিলেন তাদের উদ্ধার করতে আমরা সফল হয়েছিলাম। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা ডিএমপি করেছিল।
তিনি বলেন, আমার সময়টাতে ২০১২-২০১৩ ছিল ক্রান্তিকাল। আমরা সবাই একসঙ্গে কাজ করে সেসময়টা পাড়ি দিতে সফল হয়েছি।
সাংবাদিক-পুলিশের মধ্যে একটি সেতু বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি সাংবাদিক-পুলিশ সহকর্মী। পুলিশের কাজ যেমন সত্য ও প্রকৃত ঘটনা উদঘাটন করা, তেমনি সাংবাদিকদেরও কাজ সত্য ও প্রকৃত ঘটনা উদঘাটন করা।
পুলিশের অনেক কাজে সাংবাদিক সহযোগিতা করেছে। ডিএমপির সফতায় সাংবাদিকদের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকরা দেশ ও জাতির সমস্যা উত্তোরণে কাজ করে। সকলের প্রচেষ্টায় আজ আমরা সুন্দর একটি সমাজ পেয়েছি, সুন্দর একটি দেশ গড়তে পেরেছি।
তিনি বলেন, পুলিশের কাজ পরিবর্তনের সূচনা করা। আমি আমার সর্বোচ্চ দিয়ে পরিবর্তনের সূচনা করার চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি বলে মনে করি। আর এ সফলতার পেছনে আপনাদের(সাংবাদিকদের) সকলের অবদান রয়েছে।
ডিএমপির কাজে সাহায্য-সহযোগীতা করার জন্য তিনি সাংবাদিকসহ দেশের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতেও সহযোগীতা করার আহবান জানান।
আগামী দিন নতুন কর্মস্থল র্যাবে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। সেখানেও আমি আপনাদের সহযোগীতা আশা করছি।