পরিবেশ নিয়ে সন্তুষ্ট, মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ লাখ সদস্য: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ/ ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে নির্বাচন কমিশন সন্তুষ্ট। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে আরও ভালো হতো। অতীতে যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপারে যদি আমি বলি, সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।

ভোটের মাঠে আইনশঙ্খলা পরিবেশের বিষয়ে সন্তুোষ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি আনম্যানড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে। ড্রোন ব্যবহার করা হচ্ছে। বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরো দেশেই এটা বিস্তৃতি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ওভারল্যাপ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি এখানে থাকবে আরেকটা এখানে থাকবে না। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটার ও প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে, আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রাখি। যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান সেগুলো যেন আর কন্টিনিউ না করে। সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি।

ভোটের হার কেমন হবে? এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমরা তো কোনো স্পেকুলেশন করতে চাচ্ছি না। তবে আমরা ধারণা করি, ইনশআল্লাহ আমরা যে ফিডব্যাক পেয়েছি মানুষের মাঝে, যে উৎসব, ভোটার টার্নআউট ভালো হবে। ভোটারদের প্রস্তুতি আর উচ্ছ্বাস দেখছি। শুধু আজকে ঢাকার ট্রেনের দিকে তাকিয়ে দেখেন কী পরিমাণ মানুষ বাড়িতে যাচ্ছে শুধু ভোট দেওয়ার জন্য। সব দিকে উৎসবে পরিণত হয়েছে। ভোটারদের উপস্থিতি, উচ্ছ্বাস, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা এবং তাদের সচেতনতা, নির্বাচনে ইতিপূর্বে বাংলাদেশে এত ফোর্স, এত ক্যাপাসিটি ডেপ্লয় কখনোই করা হয় নাই। সবকিছু মিলিয়ে আমি মনে করি পরিবেশ ভালো। আশা করি যে, অনুশীলনটা সুন্দরভাবে সম্পন্ন হোক।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।