মেরাদিয়ায় অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
খিলগাঁও থানার ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন (৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার রাতে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, খবর পেয়ে মেরাদিয়া বাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
এনসিপি নেতাকে হুমকি—‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে’ 
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন 

তিনি বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশের মানুষের কাছে জানতে পেরেছি, দ্রুতগামী একটি প্রাইভেটকার ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মো. শাহিন হবিগঞ্জ জেলার লাখাই থানার সাতাক এলাকার মো. আলাউদ্দিনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর মেরাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।