ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব কাজ থেকে বিরত না থাকলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই নির্দেশনায় বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনকালীন পুলিশের বর্জনীয় কাজগুলো হলো—
১. প্রার্থী অথবা প্রার্থীর এজেন্ট কিংবা সমর্থকের নিকট হতে খাবার/উপঢৌকন/অন্য কোনো সুবিধা নেওয়া যাবে না।
২. প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, আলাপচারিতা বা ঘনিষ্ঠ হওয়া যাবে না।
৩. ভোটার বা নির্বাচন অফিসারের কাজে অযথা হস্তক্ষেপ
করা যাবে না।
৪. প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।
৫. ভোটারকে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করা যাবে না।
৬. কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকের প্রতি পক্ষপাতমূলক (যেমন-পছন্দনীয় দলের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন উপেক্ষা করা, অন্যান্য প্রার্থীর ন্যায়সঙ্গত দাবিতে সাড়া না দেওয়া ইত্যাদি) আচরণ করা যাবে না।
৭. পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না।
৮. কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মিছিলে অংশগ্রহণ বা কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না।
৯. রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ অথবা কোনো বক্তব্য প্রদান করা যাবে না।
১০. গালিগালাজ, হুমকি বা অবমাননাকর কোনো আচরণ প্রদর্শন করা যাবে না।
১১. নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থি কোনো নির্দেশ পালন করা যাবে না।
১২. সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রাজনৈতিক পোস্ট বা শেয়ার বা কমেন্ট প্রদান করা যাবে না।
১৩. প্রচারণায় অযাচিত হস্তক্ষেপ বা একপাক্ষিক সহায়তা প্রদান করা যাবে না।
১৪. দায়িত্বকালীন অপ্রয়োজনে ফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা যাবে না। এছাড়া ভোটগ্রহণের দিন ব্যক্তিগত আলাপচারিতায় মোবাইল ফোন ব্যবহার একদমই নিষিদ্ধ।
১৫. নির্বাচনি দায়িত্ব পালনকালে অনৈতিক আচরণ কিংবা অসদাচরণ করা যাবে না।
১৬. নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
১৭. ভোটের ফলাফল/সম্ভাব্য বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বানুমান। কথোপকথন করা যাবে না।
১৮. অফিসিয়াল রিকোয়েস্ট ছাড়া কোনো অবস্থাতেই কোনো স্পর্শকাতর ঘটনার ছবি/ভিডিও কারও কাছে প্রেরণ করা যাবে না।
১৯. কোনো ধরনের ব্যক্তিগত আলাপে মশগুল হওয়া যাবে না।
২০. একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করা যাবে না।
২১. জনসমাগম স্থলে, খোলা জায়গায় যত্রতত্র আহার থেকে বিরত থাকা। ফুটপাত কিংবা টং দোকানে বসা যাবে না।
২২. বাদাম/ভাপা পিঠা/চানাচুর/জিলাপি/বিস্কুট/কলা ইত্যাদি মুখরোচক খাবার খাওয়া, অশোভন পোষাক পরিধান ও অপেশাদার কাজ থেকে বিরত থাকা।
টিটি/এমকেআর/এমএমএআর