‘১৭ বছর পর ভোট দিয়েছি, অন্য রকম আনন্দ লাগছে’
১৭ বছর পর ভোট দিয়েছি। সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। অন্য রকম আনন্দ লাগছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। কথাগুলো বলছিলেন ঢাকা-১৮ আসনের উত্তরা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে আসা শহীদ মিয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার আগেই সবার আগে তিনি লাইনে দাঁড়িয়েছেন।
শহীদ মিয়া জাগো নিউজকে বলেন, ৬টায় ঘুম থেকে উঠছি। আধা ঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ১৭ বছর পর ভোট দিয়েছি। অন্য রকম আনন্দ লাগছে। বহুদিন তো দেখলাম। এতদিন পর ভোট দিতে পারছি এটাই আনন্দ।
হাজী আফজাল চিশতী নামের আরেকজন ভোটার বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলা মামলা হয়েছে। এতদিন পর ভোট দিতে আসতে পেরেছি। ভোট দিতে পারবো ভেবেই ঈদের মতো আনন্দের লাগছে।
এই কেন্দ্রের লাইনের দাঁড়ানো প্রথম ভোটার নাসিমা বলেন, সবার আগে এসেছি। তাই সবার আগে লাইনে দাঁড়িয়েছি। আনদ লাগছে। খুশি লাগছে। একই রকম কথা বলেন সিমু নামের আরেক ভোটারও।
১৭ বছর পর ভোট দিয়েছেন নূরুল ইসলাম। গণভোটসহ জাতীয় নির্বাচনের ভোট দিতে তার সময় লেগেছে দুই মিনিট। জাগো নিউজকে বলেন, অন্য রকম আনন্দ লেগেছে। ভোট দিতে আমার বেশি সময় লাগেনি। তবে বুথের টেবিলে একটু সমস্যা ছিলো।
এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এস এম জাহাঙ্গীর হোসেন ও শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুজনের মধ্যেই এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এই কেন্দ্রেই ভোট দেবেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা-১৮ আসনে প্রার্থী ছিলেন ১০ জন। তবে, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে এ আসনটিতে বর্তমানে প্রার্থীর সংখ্যা ৯ জন। বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, শাপলা কলি প্রতীকে এনসিপির আরিফুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মো. জাকির হোসেন, রেলইঞ্জিন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার, মই প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সৈয়দ হারুন-অর রশীদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সামিনা জাবেদ, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন, হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন এই আসন থেকে নির্বাচন করছেন।
ঢাকা-১৮ আসনটি উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও মোল্লারটেক নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এই আসনের মধ্যে পড়েছে। এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
ইএইচটি/জেএইচ