ঢাকা-৬ আসন

ঝামেলা এড়াতে আগেই ভোট দিতে চলে এসেছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটগ্রহণ চলছে

সকাল সাড়ে ৭টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হতেই রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। লাইনের প্রথমে দাঁড়িয়ে ছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি। সবার আগে লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ঝামেলা এড়াতে আগে চলে এসেছি ভোট হয়।

তার সঙ্গে আরও কয়েকজন বন্ধুবান্ধবকেও দেখা যায়, যাদের সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বলে জানা গেছে। তবে লাইনের প্রথম ব্যক্তি নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করলে অন্যরাও কথা বলতে বা পরিচয় দিতে অস্বস্তি বোধ করেন।

সকাল ৭টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারকেও কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে সকাল ৭টার দিকে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এমন চিত্র দেখা যায়। ভোটকেন্দ্র এলাকায় শুরুতে অপেক্ষাকৃত নীরব পরিবেশ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৩৩ জন এবং নারী ভোটার ১ হাজার ৫৪৫ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 এমডিএএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।