মির্জা আব্বাস কলেজ

বাধার অভিযোগ, সেনা উপস্থিতিতে কেন্দ্রে ঢুকলেন পাটওয়ারীর পোলিং এজেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে সেনাসদস্যদের উপস্থিতি/ছবি: জাগো নিউজ

রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। পরে ভোটগ্রহণ শুরুর প্রায় ১০ মিনিট পর ৭টা ৪০ মিনিটের দিকে সেনাসদস্যদের উপস্থিতিতে তিনি কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন বলে জানা গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কলেজটির দুই নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পোলিং এজেন্টের নাম গোলাম মোস্তফা। তিনি ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কেন্দ্রের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র থাকার পরও শুরুতে ওই পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

jagonews24

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা তখন বলেন, ‘ভোট শুরুর সময় সকাল সাড়ে ৭টা। আমি শাপলা কলি প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।’

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন।’ এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঘটনার পরপরই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারবো। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।’

তবে এর কিছুক্ষণ পরই সেখানে সেনাসদস্যদের উপস্থিতিতে ওই পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

ইএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।