ভোটের উৎসব, মানুষের মুখে ঈদের হাসি
আজকের নির্বাচন শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন নয়, এটি মানুষের জন্য এক উৎসবের মুহূর্ত হিসেবেও পরিণত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটাররা উৎসাহ ও উদ্দীপনায় ভোটদানে অংশ নিচ্ছেন, যেন ঈদ পালন করছেন। কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মুখে দেখা যাচ্ছে আনন্দ ও প্রত্যাশার মিশ্রিত হাসি। ভোটকেন্দ্রের প্রতিটি মুহূর্ত যেন জীবনের একটি ছোট্ট উত্সবের রূপ নিয়েছে।
‘খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম। এমন সুশৃঙ্খল পরিবেশে ভোট হলে মানুষের তার ইচ্ছার পূর্তি ফলন ঘটাতে পারবে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক। দেশবাসীকে সঠিক একটা সরকার উপহার দেক। যেহেতু আমাদের দেশ ছোট, সেহেতু আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। গণতান্ত্রিক ধারায় সঠিক নির্বাচন দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’ ভোট দিতে এসে এসব কথা বলেছেন আব্দুল্লাহ আল মামুন নামের এক ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটায় ঢাকা-১২ আসনের তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিয়ে বের হওয়ার পর জাগো নিউজকে এসব কথা বলেন তিনি।

আওয়ামী ফ্যাসিবাদ আমলে দেশে গণতন্ত্র ছিল না জানিয়ে ভোটার আব্দুল্লাহ আল মামুন বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আমলে প্রশাসন জাতিকে নিয়ে পুতুল খেলা খেলেছে। যারা এমন পুতুল খেলা খেলে তারা কিন্তু বেশিদিন টিকে না। গণঅভ্যুত্থান থেকে জাতিকে শিক্ষা নিতে হবে। আওয়ামী আমলে ভোট দিলেও তারা জয় লাভ করত বা সরকার গঠন করত, না দিলেও তারা সরকারে ছিল। গণঅভ্যুত্থানের পর সেই অচলাবস্থা ভেঙেছে। আজ মানুষ তো আর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এই যে দীর্ঘ সময় পর আজ ভোট দিতে পারলাম এটাই বড় শান্তি।
এবারে নির্বাচন ঈদের মতো উৎসবমুখর লাগছে এমনটাই বলেছেন আরেক ভোটার মো. আবু ইউসুফ। সকাল ৮ টায় তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ভোটকেন্দ্রের ভেতরে যারা দায়িত্বে রয়েছেন, তারা খুবই ভালো লোক দেখেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এবার ভোট অত্যন্ত আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে হচ্ছে। মানুষ ঈদের মত নির্বাচন উদযাপন করছেন।
তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর এ চারটি থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। এ আসনটিতে এবার মোট প্রার্থী ১৫ জন। যা দেশের ৩০০টি আসনের মধ্যে একক কোনো আসনে প্রার্থীর হিসাবে সবচেয়ে বেশি। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ২০ জন।
এমএমএ/জেএস