ভোট দিতে পারেননি জহিরুল, যাত্রীদের পৌঁছে দিচ্ছেন কেন্দ্রে
রিকশাচালক জহিরুল ইসলাম। বাড়ি বরগুনায়। ভোটের দিনেও তিনি কাজে ব্যস্ত, ভোটারদের এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে যাত্রীদের অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় জাগো নিউজের প্রতিবেদক জানতে চান, 'সবাইকে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আপনি ভোট দিয়েছেন?'
জবাবে জহিরুল ইসলাম বলেন, তিনি ভোট দিতে পারেননি। কারণ হিসেবে জানান, ভোট দিতে বাড়ি যেতে হলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এত টাকা খরচ করে বাড়ি গিয়ে ভোট দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
জানালেন, পরিবারের অন্য সদস্যরা এলাকায় ভোট দিয়েছেন। ঢাকায় তিনি একাই থাকেন। কষ্ট করেই দিন কাটাতে হয়।
তিনি বলেন, সবাই ভোট দিচ্ছে দেখে ভালো লাগে। কিন্তু নিজে ভোট দিতে না পারার কষ্টটা থেকেই যায়।
কথা শেষ না হতেই কাছের ভোটকেন্দ্রটি থেকে কয়েকজন ভোটার বের হলে আবারও রিকশা নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিতে ছুটে যান জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশে একযোগে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।
এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ/এসএইচএস