৯৫ বছর বয়সী বারেক

আগে কখনো এ রকম পরিবেশ পাইনি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক-ছবি জাগো নিউজ

ভোট শুরু হওয়ার পরপরই মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই ভোট দেন তিনি।

ভোট দিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে এই প্রবীণ বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো দেখছি। এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। আগে কখনো এ রকম পরিবেশ পাইনি।

ঢাকা-৮ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। শান্তিবাগ এলাকার বাসিন্দা ফারজানা হক বলেন, ঈদের চেয়েও বেশি আনন্দ লাগছে। ১৭ বছর পর ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত পরিস্থিতি খুব ভালো।

সার্বিকভাবে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলায় ভোটারদের মধ্যে সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বক্তব্য ও পাল্টা বক্তব্য ঘিরে এ আসনটি ব্যাপক আলোচনায় আসে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

এ আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৮ হাজার ৯৮২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ২ হাজার ২৬ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন জাতীয় সংসদের ঢাকা-৮ আসন গঠিত হয়েছে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে। রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এই আসনটি বরাবরই বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। সাধারণত বড় রাজনৈতিক দলের প্রভাবশালী ও কেন্দ্রীয় নেতারাই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইএআর/এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।