ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ডিএমপির অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের।

সরেজমিনে দেখা গেছে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছেন তারা। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। এতে সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান। এর মধ্যে রয়েছে -‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে ধীর গতিতে চলাচল করছিলেন তারা।

এসময় ভোটকেন্দ্রের আশপাশে অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোকে ঘিরে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

ছয় সদস্যের দলটির নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।’

তিনি বলেন, ‘ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।’

টিটি/এএমপি/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।