নির্বাচনি প্রচার

বিটিভির রাতের খবরে বিএনপি ৩৫২ মিনিট, জামায়াত ১২৮

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি/ফাইল ছবি

গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিটিভির রাত ৮টার খবরে নির্বাচন সম্পর্কিত সংবাদে রাজনৈতিক দল ও প্রার্থীদের পেছনে মোট সময় ব্যয় করেছে ৫৯৩ মিনিট ৫৫ সেকেন্ড। যার মোট প্রাক্কলিত আর্থিক মূল্য ৫ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে জানানো হয়, ওই সময়ের মধ্যে বিএনপির জন্য ৩৫২ মিনিট ১৫ সেকেন্ড ব্যয় করা হয়। যার আর্থিক মূল্য ৩ কোটি ১৭ লাখ ২ হাজার ৫০০ টাকা, যা মোট ব্যয়ের ৫৯ দশমিক ৩২ শতাংশ। জামায়াতের জন্য ব্যয় করা হয় ১২৮ মিনিট ১৫ সেকেন্ড। এর আর্থিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, যা মোট ব্যয়ের ২১ দশমিক ৫৯ শতাংশ। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ৭০ মিনিট ৩৯ সেকেন্ড ব্যয় করেছে বিটিভি। যার আর্থিক মূল্য ৬৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা, যা মোট ব্যয়ের ১১ দশমিক ৮৯ শতাংশ।

তবে জাতীয় পার্টির (জাপা) পেছনে এক সেকেন্ড সময়ও ব্যয় করেনি বিটিভি। স্বতন্ত্রের জন্য ১০ সেকেন্ড ও অন্যান্য দলের জন্য ৪২ মিনিট ৩৬ সেকেন্ড দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি।

সামাজিক মাধ্যমে ব্যয়
টিআইবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি ১১টি দলীয় পেজে ও ১১টি প্রার্থীর পেজে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করেছে। একই সময়ে জামায়াত ১১৫টি পেজে ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৬০ এবং এনসিপি ১৭টি পেজে ১০ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা ব্যয় করেছে।

প্রার্থীদের শিক্ষা-পেশা
ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর। প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন ২০৯ জন। প্রার্থীদের মধ্যে ৮৪ দশমিক ৮৩ শতাংশ স্নাতক ও স্নাতকোত্তর বা এর চেয়ে উচ্চ ডিগ্রিধারী। 

নির্বাচিতদের প্রায় ৬০ শতাংশ পেশায় ব্যবসায়ী। আইন পেশায় আছেন ১১ দশমিক ৮ শতাংশ ও শিক্ষকতা থেকে এসেছেন ৮ দশমিক ১ শতাংশ।

টিআইবি জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা বললেও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

প্রচারণায় অনিয়ম
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরা দলীয় রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের প্রচারণায় অংশগ্রহণ এবং গান ও গজল গেয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচনের পূর্বে নির্দিষ্ট কিছু আসনে বিশেষ আর্থিক বরাদ্দ করেছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ, যা পদত্যাগ-পূর্ব উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্বের বিবেচনায় বিতর্কিত হয়েছে।

কর্মকর্তাদের অনিয়ম
দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের বিবিধ অনিয়ম প্রসঙ্গে বলা হয়, নির্বাচনের আগের দিন কিছু আসনে প্রতিপক্ষের নেতার সঙ্গে গোপন বৈঠক ও আপ্যায়ন গ্রহণ, ব্যালটে সিল মারা, ব্যালট পেপারে আগে থেকে স্বাক্ষরসহ জাল ভোট প্রদানে সহায়তা করার ঘটনা ঘটেছে।

এসএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।