শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার ওম বিরলা
বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের স্পিকার ওম বিরলা। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে তিনি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করেন।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওম বিরলাসহ ভারতের প্রতিনিধিদলটি।
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়। শরিক দলগুলোর আসনসহ বিএনপি জোটের মোট আসন দাঁড়ায় ২১২টি। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৭৭টি আসনে জয় লাভ করে।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ বিকেলে শপথ নিচ্ছেন মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দেবেন।
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব মিলিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি অংশ নিতে পারেন।
জেপিআই/এসএনআর