নতুন মন্ত্রিসভায় দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মোহাম্মদ আমিন উর রশীদ, খলিলুর রহমান ও মো. আমিনুল হক/ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন ব্যক্তি) মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থাকছেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান। টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মো. আমিনুল হক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা-৬ (সদর) আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এই আসনে দলের মনোনয়ন পান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

খলিলুর রহমান উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ (উপদেষ্টা পদমর্যাদা)।

আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

তবে, মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে দশভাগের নয়ভাগ সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ দশভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন বলে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

আরএমএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।