মন্ত্রিসভার শপথের জন্য প্রস্তুত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিএনপি মনোনীত মন্ত্রিসভার সদস্যদের শপথ উপলক্ষে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন।

প্রচলিত রীতি অনুযায়ী স্বাধীনতাত্তোর বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিজয়ী সরকারি দলের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে এলেও এবার সেই ধারায় ব্যতিক্রম ঘটছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে, যা এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

jagonews24

মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় সরেজমিনে দেখা গেছে, শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকার চারপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি চোখে পড়ে।

প্রবেশপথগুলোতে আর্চওয়ে স্থাপন, কড়া তল্লাশি এবং আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র যাচাই করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সংসদ অ্যাভিনিউর প্রধান সড়ক মনিপুরী পাড়ার রাস্তার দু’পাশে যানবাহনের ব্যাপক যানজট চোখে পড়ে। যানজট সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম দেখা গেছে।

ভেতরে প্রবেশের অনুমতি না থাকলেও বিএনপির অসংখ্য নেতা কর্মীর ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে রাস্তায় অবস্থান করতে দেখা যায়।

দক্ষিণ প্লাজায় কেন্দ্রস্থলে পূর্ব পশ্চিমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের জন্য মাইক রাখা হয়েছে।

মঞ্চের সামনে চারপাশে ওভাল টাইপের সারিবদ্ধভাবে অতিথিদের আসন সাজানো হয়েছে। মিডিয়াকর্মীদের জন্য আলাদা কর্নার নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে বার বার মঞ্চের সামনে অযথা ঘোরাফেরা না করে নির্ধারিত আসনে বসার অনুরোধ জানানো হচ্ছিল।

সংসদ সচিবালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, শপথ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় সর্বোচ্চ সমন্বয় রাখা হয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনের আশপাশের এলাকায় কৌতূহলী মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এমইউ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।