প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার প্রেস উইং/ফাইল ছবি

নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেড় বছরের দায়িত্বকাল শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার প্রেস উইং পরিচালিত দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদ্য সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৮ মাসে এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের সাড়ে আট শতাধিক সাংবাদিক যুক্ত থেকে দায়িত্বশীল, পেশাদার ও গঠনমূলক ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি-ঘোষণা, নির্বাচন ও সংস্কারসংক্রান্ত নানা আপডেট দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দিতে এই গ্রুপ কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করেছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা, সমালোচনামূলক দৃষ্টি ও পেশাদার সম্পৃক্ততা আমাদের কাজকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, প্রেস উইং বিশ্বাস করে—স্বচ্ছতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক চর্চার অপরিহার্য উপাদান। এই যাত্রাপথে আপনারা যে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

এমইউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।