বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ায়রি) ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বিজয়ী এবং বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৬ ফেব্রুয়ারি বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমোডর মো. আসাদুল করিম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।
টিটি/ইএ