মানিকগঞ্জে স্বামী-স্ত্রী-সন্তানসহ এক পরিবারের দগ্ধ ৪, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট/ফাইল ছবি

মানিকগঞ্জ সদরের মিতরা এলাকার একটি টিনশেড বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ মাসুম বিশ্বাস জানান, দুপুরের দিকে তার মা ও ছোট ভাই ঘরে ছিল। হঠাৎ বিদ্যুতের তার থেকে ঘরের জালানার পর্দায় আগুন লেগে তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তার বাবা বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন।

দগ্ধ অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রাতে ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে এক পরিবারের চারজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ সেটি এখনো জানা যায়নি।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।