বিতর্ককে পাঠ্যক্রমে যুক্ত ও ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’ চালুর প্রস্তাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজরুল ইসলাম খান

পাঠ্যপুস্তকে সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক প্রতিযোগিতাকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যখন ছোট ছিলাম, তখনও স্কুলে বিতর্ক হতো। এটি পাঠ্যক্রমের অংশ করা যায়—নিশ্চয়ই করা যায়।

সেইসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ‘প্রধানমন্ত্রী গোল্ড কাপ’ ঘোষণা করেছিলেন। এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্প্রতি আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সহিংসতা পরিহার সম্ভব’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ অনুষ্ঠানে।

এসময় মহান একুশে ফেব্রুয়ারির চেতনা থেকে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার কথা তুলে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিভিন্ন গণআন্দোলনের মূল প্রেরণা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা।

তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আর পরবর্তী সময়ে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-শ্রমিক আন্দোলন—সবই গণতন্ত্রের ধারাবাহিক সংগ্রামের অংশ।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এ ভূখণ্ডের মানুষের চেতনায় প্রথম অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। সেই চেতনা পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, যারা জীবন দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন—তাদের সবার অবদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। দেশের মানুষ দীর্ঘ সময় গণতন্ত্র যথাযথভাবে চর্চা করতে পারেনি।

সাম্প্রতিক নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহিংসতা পরিহার জরুরি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি শেখার ক্ষেত্র।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে বসানোর ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বড় তরুণ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জনসংখ্যাকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না, সে দুই হাত ও মগজ নিয়েও জন্মায়।

বেগম খালেদা জিয়ার নামে জাতীয় বিতর্ক আয়োজনের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, তার নামে নামকরণ করা আবশ্যক নয়, তবে জাতীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা উচিত। বেগম খালেদা জিয়া নিজের নামে কিছু করতে পছন্দ করতেন না।

কেএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।