তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে তিনি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এক বিবৃতিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিফোনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি সাধারণ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও জোরালো বিজয়ের জন্য পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

পাশাপাশি সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।

দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের জনগণকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

ফোনালাপকালে শাহবাজ শরিফ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হন।

জেপিআই/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।