শিক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রগতি তার ভিত্তির ওপর নির্ভরশীল। সেই ভিত্তি হতে হবে দুর্নীতিমুক্ত, নৈতিকতায় দৃঢ় এবং সুশাসনভিত্তিক। শক্ত ভিত তৈরি করা গেলে তার ওপর দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। অন্যের ওপর নির্ভর করে নয়, নিজেদের দায়িত্ব নিজেরাই নিয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। দায়িত্বহীনতা ও দুর্বলতা কাটিয়ে উঠতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেম দেশবাসী দেখেছে। তবে, শুধু আবেগ বা সাময়িক উদ্দীপনায় দেশ বদলায় না। পরিবর্তন আসে ধারাবাহিক দায়িত্বশীল কাজের মাধ্যমে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার চর্চার মাধ্যমে।
ববি হাজ্জাজ আরও বলেন, দেশপ্রেমের প্রকৃত প্রমাণ দিতে হলে স্লোগানে নয়, কাজে দেখাতে হবে। দুর্নীতিমুক্তভাবে, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের ভিত্তি আরও শক্ত হবে।
তিনি শিক্ষার ক্ষেত্রে তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, কারিকুলাম, ক্লাসরুম এবং কনসিস্টেন্সি। সঠিক পাঠ্যক্রম, কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ এবং ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশে পরিণত হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
টিটি/এএমএ