শিক্ষামন্ত্রী

জামায়াত শহীদ মিনারে যাওয়া বিশ্বাস না করলেও যাওয়া শুরু করেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মিরপুরে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ছবি: জাগো নিউজ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদ মিনারে যাওয়া বিশ্বাস না করলেও যাওয়া শুরু করেছে। তারা নিজেদের নতুনভাবে আনার চেষ্টা করছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম। জামায়াত শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে গিয়েছে। দেখুন আগামীর বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান। দেখুন, আজকের আগামীর বাংলাদেশে আমরা কী দেখতে পেয়েছি? জামায়াতও শহীদ মিনারে যাচ্ছে পুষ্প অর্পণ করতে। দে আর রিব্র্যান্ডিং। তারা নিজেদের নতুনভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটি রিব্র্যান্ডিং। জামায়াত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া। কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্যা সেম রিব্র্যান্ডিং।

শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, আমাদের সকলকে নতুনভাবে কাজ করতে হবে, নতুন চিন্তাভাবনা করতে হবে। আউট অব দ্যা বক্স যেতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়, প্রতিজ্ঞা, শপথ করবেন শিক্ষকরা। কারণ একজন শিশুকে আপনারা শেখাচ্ছেন। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় শিক্ষকদের নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি ক্লাসরুমের প্রত্যেকটি বাচ্চাকে নিজের সন্তান মনে করে শিক্ষা দেন তাহলে একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। আজকের এই দিনে আগামী বাংলাদেশ গড়ার শপথ আমাদের শিক্ষকদের নিতে হবে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং যুগোপযোগী করতেই হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

টিটি/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।