পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ/ছবি: জাগো নিউজ

পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের টপ লেভেলে কিছু পরিবর্তন শিগগির আসবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন উঠেছে। বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে কে কে আসতে পারেন তা নিয়ে চলছে নানা জল্পনা।

আইজিপির তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। এরপর রয়েছে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নাম। আরও আলোচনায় রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ ও র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ও অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ। এছাড়া র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম আলোচনায় রয়েছে।

বর্তমান আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে চলতি বছরের ২১ নভেম্বর।

একাধিক সূত্রমতে, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।