নিয়ম মেনেই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, শিগগির নির্বাচন: ফখরুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়ম-নীতি মেনেই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় খুব শিগগির নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। সময় ও পরিস্থিতি দেখে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথাও স্মরণ করেন। তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে বিএনপি সরকার এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে এবং দলীয়ভাবে অবদান রাখা ও সম্পৃক্ত ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় তাদের অফিস খোলার সুযোগ নেই এবং বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।