আবারও বড় সুযোগ হারালেন দীপিকা
এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ -এ অভিনয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিরিজটির তৃতীয় সিজনে কাজের প্রস্তাব পেলেও সে সময় অন্তঃসত্ত্বা থাকায় সুযোগটি হাতছাড়া হয়েছিল তার।
এবার চতুর্থ সিজন নির্মাণের সময়ও নির্মাতাদের বিবেচনায় ছিলেন তিনি। তবে এবারও চূড়ান্তভাবে থাকা হচ্ছে না দীপিকার।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক। নির্মাতারা প্রত্যেক সম্ভাব্য অভিনয়শিল্পীর অডিশন নেন। দীপিকাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অডিশনে অংশ নেননি। এর ফলেই প্রকল্পটি আর এগোয়নি তার সঙ্গে।
জানা গেল, আগামী এপ্রিল থেকে চতুর্থ সিজনের শুটিং শুরু হওয়ার কথা। এটি মুক্তি পাবে ২০২৭ সালে।
২০২১ সালে যাত্রা শুরু করা ‘দ্য হোয়াইট লোটাস’ একটি ব্ল্যাক কমেডি অ্যান্থলজি সিরিজ। বিলাসবহুল রিসোর্টকে ঘিরে অতিথি ও কর্মীদের এক সপ্তাহের নানা ঘটনা নিয়ে গড়ে ওঠে এর কাহিনি। প্রতিটি সিজনে নতুন গল্প ও নতুন অভিনয়শিল্পী থাকায় সিরিজটি বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের ধারণা ছিল, এই সিরিজ দিয়েই হলিউডে শক্তভাবে ফিরতে পারেন দীপিকা।
এর আগে ২০১৭ সালে ‘xXx: Return of Xander Cage’ -এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। ছবিতে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। পরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতেও কাজের প্রস্তাব এলেও সময়ের জটিলতায় সেটি করা হয়নি।
শুধু এই সিরিজ নয়, সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট থেকেও সরে যেতে হয়েছে দীপিকাকে। সন্দীড রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবিতে শুরুতে তার নাম শোনা গেলেও পরে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। পাশাপাশি শুটিং সূচি ও পারিশ্রমিকসংক্রান্ত মতপার্থক্যের কারণে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েন তিনি।
এলআইএ