ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০২ মার্চ ২০২৬
মিরপুরের প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আজ সোমবার (২ মার্চ) সকালে মিরপুর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেন পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা একসঙ্গে নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, সাংবাদিক ও সাধারণ জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধার করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে খালগুলো দখলমুক্ত করা হবে।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বৃষ্টি হলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।