বইমেলা ঘিরে শৃঙ্খলা অভিযান, স্কাউটদের তৎপরতায় স্বস্তি যাত্রীদের

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুরের বাসিন্দা আফজাল হোসেন নিয়মিত মেট্রোরেলের যাত্রী। প্রতিদিন মিরপুর-১০ স্টেশন থেকে মেট্রোরেলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামেন। সেখান থেকে হেঁটে চানখাঁরপুলের একটি ওষুধের দোকানে কর্মস্থলে যাতায়াত করেন।

রোববার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে কিছুটা বিস্মিতই হলেন তিনি। কারণ প্রতিদিন স্টেশন থেকে বের হলেই ফুটপাত সংলগ্ন সড়কে অসংখ্য রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারের জটলা চোখে পড়ে। এসব যানবাহনের কারণে টিএসসি থেকে দোয়েল চত্বরগামী সড়কে প্রায়ই লেগে থাকে দীর্ঘ যানজট।

কিন্তু এ দিনের চিত্র ছিল একেবারেই ভিন্ন। মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপাত থেকে বাংলা একাডেমি পর্যন্ত সড়ক প্রায় ফাঁকা। কোথাও কোনো যানজট নেই। সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

কৌতূহলবশত সামনে এগিয়ে গিয়ে এর কারণও খুঁজে পেলেন তিনি। মেট্রোরেল স্টেশন থেকে বাংলা একাডেমির গেট পর্যন্ত পুরো এলাকায় বিএনসিসি স্কাউটরা দায়িত্ব পালন করছেন, যাতে সড়কটি যানজটমুক্ত থাকে।

jagonews24

সরেজমিনে দেখা গেছে, বিএনসিসির নারী ও পুরুষ স্কাউটরা মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বাংলা একাডেমি পর্যন্ত সড়কে কোনো ধরনের যানবাহন দাঁড়াতে দিচ্ছেন না। রিকশা কিংবা মোটরসাইকেল চালক কেউ থামতে চাইলে তাদের সঙ্গে সঙ্গে সরে যেতে অনুরোধ করছেন। কেউ কথা না শুনলে একাধিক স্কাউট এগিয়ে এসে তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করছেন।

দায়িত্ব পালনরত কয়েকজন স্কাউট জানান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো মানুষ বইমেলায় আসছেন। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং সড়কে যানজট কমাতে তারা দায়িত্ব পালন করছেন।

মারুফা নামে এক নারী স্কাউট জানান, দুপুরের পর বিকেল ৩টা থেকে এ এলাকায় সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়, যাতে বইমেলায় আসা মানুষের যাতায়াত সহজ হয়।

এ পথে নিয়মিত চলাচলকারী আনোয়ার হোসেন সজল বলেন, বিএনসিসি সদস্যদের তৎপরতায় মেট্রোরেল স্টেশন ও আশপাশের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আগে রিকশাচালক ও মোটরসাইকেল চালকদের জটলার কারণে যাত্রীদের ডাকাডাকি ও হইচই লেগেই থাকত। অনেক সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসও এখানে পার্কিং করে রাখা হতো।

jagonews24

তিনি আরও বলেন, এখন পুরো এলাকাই অনেকটা শৃঙ্খলাপূর্ণ। সম্ভব হলে মেট্রোরেল স্টেশনের আশপাশে পরিবেশ ভালো রাখতে নিয়মিতভাবে বিএনসিসি সদস্যদের দায়িত্বে রাখা উচিত।

বিকেলে বইমেলায় আসা মানুষের ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে। মেট্রোরেল স্টেশন থেকে বাংলা একাডেমির দিকে হেঁটে যেতে দেখা যায় নানা বয়সী মানুষকে—কারও হাতে বইয়ের ব্যাগ, কেউ আবার পরিবার নিয়ে মেলায় প্রবেশ করছেন। আর তাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের পাশে সতর্ক দৃষ্টি রেখে দায়িত্ব পালন করছেন বিএনসিসি স্কাউটরা। তাদের এই তৎপরতায় অন্তত বইমেলার দিনগুলোতে মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় শৃঙ্খলা ও স্বস্তির এক ভিন্ন চিত্রই চোখে পড়ছে।

এমইউ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।