ঈদের ছুটিতে খোলা থাকবে সব কাস্টম হাউস
আসছে ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
চিঠিতে সংগঠনটি রপ্তানি বাণিজ্যের গতি সচল রাখা এবং নির্ধারিত ‘লিড টাইম’ এর মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো নিশ্চিত করতে দাবি জানিয়েছে। এসময় ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কাস্টমস হাউজ খোলা রাখার অনুরোধ করেছে।
এসএম/ইএ