দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নারীর সক্রিয় অংশগ্রহণ জরুরি: মেয়র শাহাদাত
দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নগরের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠানটির আয়োজন করে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।
মেয়র শাহাদাত বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্যোগপ্রবণ চট্টগ্রামে পাহাড়ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে নারীরা প্রায়ই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। তাই তাদের কেবল ভুক্তভোগী হিসেবে নয়, বরং সাহসী স্বেচ্ছাসেবক ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে এগিয়ে আসতে হবে।
জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ বাস্তবায়নে সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, কমিউনিটি পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ দুর্যোগের ঝুঁকি কমাতে এবং সামাজিক সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইপসা এরই মধ্যে নারী স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ বিচিত্রা সেন, চিকিৎসক ও সংগঠক বাসনা মুহুরী এবং সাংবাদিক ভূঁইয়া নজরুল।
বক্তারা বলেন, দুর্যোগ প্রস্তুতি ও পুনরুদ্ধার কার্যক্রমে নারী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কমিউনিটি পর্যায়ে নারীদের নেতৃত্ব বিকাশ এবং সংগঠিত অংশগ্রহণ দুর্যোগের ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি আলোচনায় নারী উদ্যোক্তা সৃষ্টি, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং প্রান্তিক নারীদের ক্ষমতায়নে উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কয়েকজন কৃতিমান নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ের কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
শেষে দুর্যোগ মোকাবিলায় সাহসী ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৭০ জন নারী স্বেচ্ছাসেবক ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি মেয়র শাহাদাত হোসেন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এমআরএএইচ/একিউএফ