শাহজালাল বিমানবন্দরে আরও ২৪ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে এখন পর্যন্ত ৩৯১টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১১ মার্চ) শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (১১ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুইটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) চারটি, গালফ এয়ারের (বাহরাইন) দুইটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) চারটি ও ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট বাতিল হয়।
এর আগে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতি এখন যেভাবে চলছে, এটা ধারাবাহিক থাকলে ক্রমেই ফ্লাইট বাতিল বাড়তে থাকবে। আর ওই ৩৬৪টি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় লাখো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের রিশিডিউল ফ্লাইট কবে হবে তার নিশ্চয়তা নেই।
এমএমএ/এমএমএআর