রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নুরনবী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নূরনবী তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার কালামের বস্তির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবীর বাবা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালামের বস্তির সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মিনি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জেআইএম