৮ শতাধিক বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার
বয়স্ক, গুরুতর অসুস্থসহ বিভিন্ন শ্রেণির আট শতাধিক বন্দীকে মুক্তি দিচ্ছে সরকার। কারাবিধি অনুযায়ী এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, প্রবীণ, জটিল রোগে আক্রান্ত, অন্তঃসত্ত্বা বা শিশুসহ নারী বন্দী ও যাদের অপরাধ গুরুতর নয়- এমন বন্দীদের মুক্তি দিতে যাচ্ছে সরকার। তবে বিশেষ কয়েকটি ধারায় সাজাপ্রাপ্ত আসামিরা এই সুযোগ পাচ্ছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বন্দীর বিষয়ে তদন্ত করে চূড়ান্ত তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই তালিকায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরই সরকার কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী কারাগারে থাকা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দীদের মুক্তি দেয়। বিশেষ করে যাদের সাজার মেয়াদের দুই-তৃতীয়াংশ শেষ হয়েছে, যারা চলাফেরা করতে পারেন না ও যাদের লঘুদণ্ড হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়।
ঈদ উপলক্ষে মুক্তি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার পাঁচজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিচ্ছে। বুধবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মুক্তি দেওয়ার জন্য যে পাঁচজনের নাম সুপারিশ করা হয়েছে তারা হলেন- চাঁদপুর কারাগারের আকাশ দাস, লক্ষ্মীপুর কারাগারের রবিউল হোসেন, রংপুর কারাগারের জিকরুল হক ও মো. নুরুজ্জামান এবং কুমিল্লা কারাগারের মো. আব্দুল করিম।
টিটি/একিউএফ