শোক প্রস্তাবে হাদি-আবরার-ফেলানির নাম যুক্তের দাবি নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১২ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের শোক প্রস্তাবে শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত ফেলানি খাতুনের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, এই তিনজনের ঘটনা বাংলাদেশের জনগণের মনে গভীর প্রভাব ফেলেছে এবং তারা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। তাই তাদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত করলে তা জাতির পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে যেসব মানুষ অন্যায়, বৈষম্য ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের স্মরণ করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব। আবরার ফাহাদ ও ফেলানি খাতুনের মর্মান্তিক ঘটনাও দীর্ঘদিন ধরে জনমনে আলোচনার বিষয় হয়ে আছে এবং তা দেশের সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদার প্রশ্নকে সামনে এনেছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তাই সেখানে গৃহীত শোক প্রস্তাবে এমন ব্যক্তিদের স্মরণ করা হলে তা নতুন প্রজন্মকে ইতিহাস ও ন্যায়বিচারের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে।

বিরোধীদলীয় এ নেতা আশা প্রকাশ করেন, বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শোক প্রস্তাবে এ তিনজনের নাম অন্তর্ভুক্ত করে জাতির পক্ষ থেকে তাদের প্রতি সম্মান জানানো হবে।

এমওএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।