‘শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬
পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ‘শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চসিক নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাই মশার উপদ্রব নিয়ন্ত্রণে এই এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে নগরে কিউলেক্স মশার প্রকোপ বেড়েছে। নালা-নর্দমা ও ড্রেনে ময়লা জমে থাকা এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে স্থির পানিতে মশার বংশবিস্তার ঘটছে। এসব সমস্যা সমাধানে নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি।

মেয়র জানান, বর্ষা মৌসুমে টব, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনের সামগ্রী বা প্লাস্টিকের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য দায়ী। তবে বর্তমানে কিউলেক্স মশার বিস্তার বেশি দেখা যাচ্ছে, যার প্রধান উৎস নোংরা ড্রেন ও জমে থাকা বর্জ্য।

jagonews24

তিনি বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে একযোগে এই পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ সরবরাহ করা হয়েছে এবং তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও অতিরিক্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ১৬০ জনের একটি বিশেষ দল কাজ করছে।

চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, ফিরিঙ্গিবাজার, হালিশহর ও পাহাড়তলীসহ কয়েকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, এসব এলাকায় বিশেষভাবে মশক নিধন ও ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহর শুধু সিটি করপোরেশনের নয়, এটি সবার। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন নিজেদের আশপাশ পরিষ্কার রাখলে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর নগর গড়ে তোলা সম্ভব।

উদ্বোধনের পর চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ফটক, কে.বি. ফজলুল কাদের রোড ও প্রবর্তক মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করা হয় এবং মশক নিধনে লার্ভিসাইড ছিটানো হয়। পাশাপাশি ফগার ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।