নকশাবহির্ভূত ভবন নির্মাণ, রাজউক কর্মকর্তাসহ ৬ জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)/ফাইল ছবি

রাজধানীর উত্তরখানে শর্ত ভঙ্গ করে ১০ তলা ভবনের নকশা অনুমোদনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক পাঁচ কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মানসী বিশ্বাস বাদী হয়ে গত ১১ মার্চ মামলাটি করেন। রোববার (১৫ মার্চ) সংস্থার জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আসামিরা হলেন- রাজউকের সাবেক অথরাইজড অফিসার সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দীন, সাবেক প্রধান ইমারত পরিদর্শক শাহজাহান খান, সাবেক সহকারী খাইরুজামান ও সাবেক প্রধান ইমারত পরিদর্শক মো. মামুনুর রশীদ এবং মোহাম্মদ আসাদুজ্জামান।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে মাঠের জমিতে একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ইমারতের লে-আউট নকশা অনুমোদন দেন। এই প্রক্রিয়ায় তারা মিথ্যা প্রতিবেদন দাখিল করে প্রতারণার আশ্রয় নেন এবং সরকারের ওপর অর্পিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। 

এসএম/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।