এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আব্দুল আওয়াল
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন।
অধ্যাপক আব্দুল আওয়ালকে সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদি দিয়ে চুক্তিতে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক নিয়োগ দিয়ে রোববার (১৫) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তার এই নিয়োগ কার্যকর থাকবে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল আওয়াল ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ওই বছরের ২৫ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আরএমএম/এএমএ