বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে না: আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ এএম, ১৮ মার্চ ২০২৬
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবু সুফিয়ান বলেছেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজির রাজনীতি করে না, বরং মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং নদী-খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আগামী পয়লা বৈশাখে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পাশাপাশি ই-হেলথ কার্ড চালুর কার্যক্রমও চলছে।

ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং সামাজিক নিরাপত্তা জোরদার করবে।

আওয়ামী লীগের সমালোচনা করে আবু সুফিয়ান বলেন, অতীতে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। বরং জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে ও দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, হাজি ওসমান গণি, আলহাজ ইউসুফ খান, মাওলানা মজিবুর রহমান, নকীব উদ্দীন ভূঁইয়া প্রমুখ।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।