টেরিবাজারে অগ্নিকাণ্ড: নিহতদের প্রতি শোক জানিয়ে সহায়তার আশ্বাস মেয়রের
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে অর্কিড প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এই আশ্বাস দেন।
এর আগে এদিন সকাল ১০টার দিকে নগরের বক্সির বিট এলাকার ১২তলা অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনজন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে দুজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ঈদের প্রাক্কালে এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জীবিকার তাগিদে কর্মরত শ্রমজীবী মানুষের এমন মৃত্যু গভীরভাবে নাড়া দেয়।
আরও পড়ুন
চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে প্রাণ গেলো দুইজনের
মেয়র আরও বলেন, অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সহায়তায় ভবনের মালিক ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিটি করপোরেশন কাজ করবে বলেও জানান তিনি।
এসময় তিনি উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
মেয়র নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/ইএ