এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৬

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এক বছরের চুক্তিতে তিনি নিয়োগ পেয়েছিলেন। 

আদেশটি বাতিল করে শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চের প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগের আদেশটি বাতিল করা হলো।

গত ২৪ মার্চ তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, 'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এর আগে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন রশীদ মিয়া। এরপর তিনি অবসরে যান। ওই সময় দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। নতুন করে তাকে আবার নিয়োগ দেওয়ায় বিষয়টি বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তার ওই নিয়োগ আদেশটি বাতিল করা হলো।

আরএমএম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।