ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করলেও গরিব ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৯ মার্চ ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখলমুক্ত রেখে জনগণের চলাচল নিশ্চিত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসারও ব্যবস্থা করা হবে। জনগণের চলাচলের জন্য রাস্তাও থাকতে হবে আবার গরিব ব্যবসায়ীদের ব্যবসাও করতে হবে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনে ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উত্তর সিটির প্রশাসক বলেন, জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, একই ভাবে যারা গরিব ব্যবসায়ী আছেন তাদেরও একটা ব্যবসায়িক জায়গার বন্দোবস্ত করে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ অনুযায়ী হাঁটাচলার সুবিধার জন্য যতটুকু দরকার এবং মানবিক কারণে গরিব ব্যবসায়ীদের আমরা যেন অন্য কোথাও ব্যবসার সুযোগ করে দিতে পারি সেসব দেখতে এখানে পরিদর্শন করতে এসেছি।

jagonews24

ফুটপাত ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, প্রধান সড়কগুলোতে যানজট এড়াতে আমরা পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার মিটিং করেছি। সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি গরিব ব্যবসায়ীদের ব্যবসা করারও সুযোগ করে দিতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণের সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। আপনারাও যেন ব্যবসা থেকে বঞ্চিত না হন, আপনাদের পরামর্শ নিয়েই বিকল্প জায়গায় ব্যবসা স্থানান্তরের ব্যবস্থা করবো।

এদিকে, উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের খবর পেয়ে ফুটপাত থেকে দোকান সরিয়ে নেন অনেক ব্যবসায়ী। রোববার দুপুরে মিরপুর-১০ গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতের দোকান গুটিয়ে নিতে দেখা যায় ব্যবসায়ীদের। পরে সেখানে পরিদর্শনে গিয়ে ফুটপাতের দোকানিদের সঙ্গে কথা বলেন প্রশাসক ।

ইএইচটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।