ধোলাইখালে দিনভর অভিযানে ১৩ জন আটক, দুই ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬
পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দখলমুক্ত করতে দিনভর অভিযান। ছবি: আশিকুজ্জামান

পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দখলমুক্ত করতে দিনভর অভিযানে ১৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে সড়কে অবৈধভাবে রাখা বিপুল পরিমাণ মালামাল জব্দ করে পুলিশের দুটি ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে।

পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়কের ওপর অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায় ডিএমপি। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে রাখা বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।

দিনভর পরিচালিত এই অভিযানে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় নেওয়া হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে সড়কে থাকা বিভিন্ন অবৈধ মালামাল পুলিশের দুটি ট্রাকে ভর্তি করে সরিয়ে নেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, অবৈধ মালপত্র ট্রাকে তোলা হচ্ছে এবং সড়ক ফাঁকা করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

ডিএমপির পূর্বঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই কার্যক্রমে দেখা যায়, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা এবং বিভিন্ন দোকানের মালামাল দীর্ঘদিন ধরে সড়কের ওপর রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

অভিযানস্থলে উপস্থিত ডিএমপির এডিশনাল কমিশনার আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা ব্যবসাবান্ধব। আমরা চাই না কাউকে জেল-জরিমানায় ফেলতে। তবে ব্যবসা করতে এসে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন অবৈধভাবে সড়কে মালামাল না রাখেন, সে বিষয়ে আমরা তাদের সচেতন করছি। আইন অমান্য করলে জেল-জরিমানা করতে বাধ্য হবো।

এছাড়া সড়কে অবৈধভাবে ট্রাক রাখার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। 'সড়কে ট্রাক রাখার বিরুদ্ধে ভিডিও রেখে মামলা দেওয়া হবে। এর আগে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে। এখন আইন না মানলে জননিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে,' যোগ করেন তিনি।

অভিযান শেষে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, 'আজকের অভিযানে আমরা সচেতনতাকে গুরুত্ব দিয়েছি। আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং গণমাধ্যমকে জানানো হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

সরেজমিনে দেখা গেছে, অভিযান শুরুর পর অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় সড়ক থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। এরপরও যেসব স্থানে দখল বজায় ছিল, সেখান থেকে মালামাল জব্দ করা হয়।

এদিকে, স্থানীয় বাসিন্দারা ডিএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চললে ধোলাইখাল এলাকায় যানজট কমবে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

এমডিএএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।