ডিএসসিসি প্রশাসক

বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম/ছবি: জাগো নিউজ

বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, ‘আগে বিভিন্ন এলাকায় নাটক, যাত্রা, বাউল গান হতো। কিন্তু আজ সেই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতি যদি ফিরিয়ে আনতে চাই, সামাজিকভাবে আমরা যদি সেই আন্দোলনটা করতে পারি, তাহলে কিন্তু সেটা সম্ভব।’

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও সেই সঙ্গে প্রতিবাদী সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউল দলের আহ্বায়ক আরিফ দেওয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, বাউল দলের উপদেষ্টা কণ্ঠশিল্পী মজিব পরদেশী, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আজকে যে কৃষ্টি, যে সংস্কৃতি, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে জনগণের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট আমরা মোকাবিলা করতে পারবো না।’

‘বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, সে সময় নাটক হতো, যাত্রা হতো, বাউল গান হতো। কিন্তু আজকে সেই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আগে মেলা মানেই বাউল গান ছিল। কিন্তু আজকের মেলাগুলোর মধ্যে বিদেশি কালচার চলে আসছে। আজকে নৃত্য বলতে যা বুঝায় সেগুলো কি নৃত্য? সেগুলো দিয়ে হয়তো আমাদের কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় মেলা মানেই অন্য কিছু। সেই কারণে মেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের সবার সচেষ্ট হতে হবে, উদ্যোগী হতে হবে, যারা সংস্কৃতিবান মানুষ,’ যোগ করেন তিনি।

নাটক, বাউল গান, মেলা ও যাত্রা করতে হবে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক আরও বলেন, ‘এর জন্য যে পরিবেশ, পরিস্থিতি সেটা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য সামাজিকভাবে আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব।’

ইএইচটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।