সড়ক থেকে সরে গেলেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতনের দাবিতে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকেরা। ফলে বন্ধ ছিল এই রুটে যান চলাচল।
পরে আধা ঘণ্টা অবস্থান শেষে সড়ক থেকে সরে গেছেন তারা। এতে স্বাভাবিক হয় যান চলাচল।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়, মহাখালীতে নাসা গ্রুপের আন্দোলনকারী কর্মী, শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন। যান চলাচল শুরু হয়েছে।
এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। সে সময় গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, এই মুহুর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাক কর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।
কেআর/এসএনআর