ঢাকা মেডিকেল থেকে ঢাবি শিক্ষার্থীদের সরে যেতে মাইকিং
হাতাহাতির ঘটনায় উত্তেজনা কমাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সরে যেতে মাইকিং করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মেডিকেলের জরুরি বিভাগের সামনে মাইকিং করে এ নির্দেশনা দেওয়া হয়।
হ্যান্ডমাইকে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার ঢাবি শিক্ষার্থীদের মেডিকেল এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। যেসব শিক্ষার্থী মেডিকেলে এলাকায় আছেন তারা এখনই স্থান ত্যাগ করে ক্যাম্পাসে চলে যান।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের ছাত্র সানিম ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। তবে ব্যবস্থাপত্রে উল্লিখিত ওষুধ হাসপাতালের সরবরাহে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়।
পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে নিয়ে হাসপাতালে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ ছিল, নির্ধারিত ওষুধ বাইরে পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এনএস/বিএ