নতুন প্রজন্মের মেধা-মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম: শামীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৯ এপ্রিল ২০২৬

নতুন প্রজন্মের মেধা-মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন লেখক ও ছড়াকার মিজানুর রহমান শামীম। তিনি বলেন, ছড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও একটি কার্যকর হাতিয়ার।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চলমান ১৯ দিনব্যাপী বইমেলার ৯ম দিনে প্রখ্যাত ছড়াকারদের অংশগ্রহণে ছড়াপাঠ উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মিজানুর রহমান শামীম বলেন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে মানুষকে উদ্বুদ্ধ করতে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেয়ালে লেখা অনেক ছড়াই পরে স্লোগানে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ছড়ার মাধ্যমে মানুষের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যায়, যা সাহিত্যের অন্য মাধ্যমে তুলনামূলকভাবে কম দেখা যায়।

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী ইকবাল পিন্টু ও রিফাত চৌধুরী লিজা সংগীত পরিবেশন করেন। এছাড়া চসিকের প্রিমিয়ার কলেজ, কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় ও পাথরঘাটা মেনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- লেখক ও গবেষক অধ্যক্ষ আবু তালেব বেলাল। ছড়া পাঠ করেন জসিম মেহবুব, উৎপল কান্তি বড়ুয়া, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, ফারজানা রহমান শিমু ও ড. সৌরভ শাখাওয়াত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও ছড়াকার শাহাব উদ্দিন হাসান বাবু।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।