চট্টগ্রামে ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৯ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে আটক হওয়া ব্যক্তিরা/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় মাছ ধরার একটি ট্রলার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রলারে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামে আনা হচ্ছে—গোপন সূত্রে এমন খবর পায় র্যাব। পরে ট্রলারটিতে অভিযানে যান র‍্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা নয়জনকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলে জানিয়েছে র‌্যাব।

পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন কক্ষের পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ট্রলারে করে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।