অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ব্যাপক অভিযান চালিয়েছে। শুক্রবার বিভিন্ন জেলায় মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধ মজুত জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এসময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, বাজারে অস্থিরতা তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সংস্থাটি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী মোজ্জারটেক বাজার, সদরঘাট ও মেডিক্যাল রোড এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল জব্দ করা হয়।
এসব অভিযানে মোট ৪৫ হাজার ৫৪৯ লিটার তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব ও অবৈধ মজুতের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৃথক অভিযানে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুতের দায়ে দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে ফরিদপুরের কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ায় এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
টিটি/ইএ