দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিল সরকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, ১৫ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে একথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডা. শংকর প্রসাদ দুর্ঘটনায় পতিত হয়েছেন। তিনি দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তার ব্যয়ভার সরকার নির্বাহ করবে। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ‍্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ডা. শংকর প্রসাদ অধিকারী গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

এমএমএআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।