শাহ আমানতে আবুধাবিফেরত যাত্রীর ব্যাগেজে মিললো ৬৩০ কার্টন সিগারেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০০ এএম, ১৫ এপ্রিল ২০২৬
শাহ আমানতে জব্দ হওয়া ৬৩০ কার্টন সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৬৩০ কার্টন সিগারেট ও ৫টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে বিমানবন্দরের কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-128-এর দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের পরিমাণ ৬৩০ কার্টন (মন্ড)।

আটক যাত্রীদের মধ্যে একজন মোহাম্মদ আরাফাত, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। আরেকজন মোহাম্মদ রায়হান, তার বাড়ি আমিরাবাদ এলাকায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে ৬৩০ কার্টন সিগারেট এবং ৫টি স্মার্টফোন রয়েছে। এর মধ্যে একটি আইফোন ও চারটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন। এসব পণ্য থেকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা পণ্য ‘ডিপার্টমেন্টাল মেমোরান্ডা (ডিএম)’ মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।